প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সিলেট নগরীতে তাঁর বাসার সামনে গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।
বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।
উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, ‘বাসায় আগুন না, যেটা হলো বাসার সামনে গলির গেইট আছে। গেইট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেইটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।’
বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।