উখিয়া ও টেকনাফ সীমান্ত
৯ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা চোরাচালানের সময় ৯ লক্ষ ৯৪ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারী আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) বিকেলে বিজিবি উখিয়া ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়ার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকা আসতে দেখা যায়। এ অবস্থায় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
নৌকাটি থেকে আনুমানিক ৭-৮ জন মাদককারবারী ইয়াবা ভর্তি বস্তা নৌকা হতে পানিতে নামিয়ে কাছের কেওড়া বনের ভিতর অবস্থান নেয়। বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় অবস্থান করতে থাকে তারা।
বিজিবির অপর একটি টহল দল স্পীডবোট যোগে কেওড়া বনের দিকে এগিয়ে যেতে থাকলে মাদককারবারী দল বিজিবির উপর গুলি করে। বিজিবিও পাল্টা গুলি করে এগিয়ে যেতে থাকে।
বিজিবির গুলির কারণে মাদককারবারীরা পানিতে ভাসমান অবস্থায় বস্তা ভর্তি মাদক রেখে নৌকায় করে দ্রুত মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি'র টহল দল ওই স্থান থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে।
এছাড়াও একই দিনে রাত সাড়ে এগারটায় উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আনজুমানপাড়া নামক স্থান থেকে রমজান আলীকে ১ লাখ ইয়াবাসহ আটক করা হয়। এর আগে রাত নয়টায় টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মো. হোসাইনকে ৪ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে।