৩৩ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭ লাখ ১৪ হাজার টাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ এএম
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগরসহ ৩৩টি জেলায় ৪৪টি দল এ অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন অনিয়মের দায়ে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, অভিযানে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি নেওয়া, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় বিধিবিধান মানা হচ্ছে কি না, তা-ও দেখা হয়।
এ সময় ফলমূলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করা, সঠিক ওজন নিশ্চিত করা এবং পণ্যের কৃত্রিম সংকট ও অযৌক্তিক মজুদ না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এতে সহযোগিতা করেন।
পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য ও মেয়াদ যাচাই এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।