ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
১১টি মামলার আসামী রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলার আসামী রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার দুখু ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি, অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুখুকে এর আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।