গ্রেপ্তার নারীসহ ৬জন
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৩০১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা জব্দ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত ও সম্পাদিত
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত ২৮ অক্টোবর (বুধবার) ঢাকা মেট্রোর বিভিন্ন সার্কেলে পরিচালিত এই অভিযানে মোট ৩০১০ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
খিলগাঁও, ডেমরা, মতিঝিল ও সবুজবাগ সার্কেলের পরিদর্শকদের নেতৃত্বে গঠিত চারটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়।
খিলগাঁওয়ে ২৯০০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার
খিলগাঁও সার্কেলের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম দক্ষিণ গোড়ান মদিনা সড়কের ‘কাজী স্টোর’ নামক দোকানে অভিযান চালায়। সেখান থেকে দোকান মালিক কাজী ছানা উল্লাহকে (৩৮) আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি করে দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে ২ হাজার ৯০০ পিস লালচে বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছানা উল্লাহ একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিএনসি। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
যাত্রাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে ডেমরা সার্কেলের একটি টিম যাত্রাবাড়ী মাছের আড়ৎ আলী মার্কেটের পশ্চিম পাশে এক অভিযান চালানো হয়। এ অভিযানে মো.শহিদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার ট্রাউজারের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।
মতিঝিলে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মতিঝিল থানার আরামবাগ ক্লাব মার্কেটের আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালায় পরিদর্শক মুহাম্মদ সাজেদুল আলমের নেতৃত্বাধীন দল। সেখান থেকে লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০) এবং মো. হানিফ (৪২) নামের তিন মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণ যাত্রাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেপ্তার
সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী কাঁচা বাজারের মেসার্স ফাহিম বাণিজ্যালয়ের সামনে থেকে হনুফা (২৫) নামের এক নারীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ১২০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধেও যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং ঢাকা শহরকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।