EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৫,২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

৫,২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কদমতলী থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডের একটি ফিলিং স্টেশনের কাছে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে আসা ‘প্রেস’ লেখা একটি নোয়াহ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

অধিদপ্তর জানায়, গাড়ির স্টিয়ারিংয়ের পাশের একটি বক্সে রাখা ব্যাগ থেকে ৪ হাজার ২০০ পিস এবং ওই ব্যক্তির প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫২০ গ্রাম ওজনের ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

অভিযানে মাইক্রোবাস, একটি ভিডিও ক্যামেরা, ‘এশিয়ান টিভি’ ও ‘সরেজমিন’ লেখা দুটি বুম এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ ওরফে সোহেল আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন বলে জানান। বর্তমানে তিনি সাংবাদিকতায় যুক্ত নন বলে অধিদপ্তরকে জানিয়েছেন। তবে গাড়িতে ‘প্রেস’ লেখা, ক্যামেরা, বুম ও ভিজিটিং কার্ড ব্যবহারের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কদমতলী থানায় মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অপরাধ প্রমাণিত হবে কি না, তা নির্ধারিত হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন