নীলফামারীতে ৪৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ এএম
নীলফামারীতে মাদকদ্রব্য বিক্রয়কালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪ পিস মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার সদর উপজেলার জাকিরগঞ্জ সোনারায় হাজীপাড়া এলাকার রফির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার আছির উদ্দিনের ছেলে আল-আমিন (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সদর উপজেলাধীন সোনারায় সংগলশী ডিগ্রী কলেজ মাঠের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবু ইকবাল পাশার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
এসময় গ্রেপ্তার দুই ব্যক্তির কাছে থেকে ৪৪ পিস মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪,২০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী থানা পুলিশ।