দলের সহ-অধিনায়ক ব্যাটার সোবহানা মোস্তারি
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে। রবিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বছরের জন্য পাওয়া বিসিবি থেকে এ দায়িত্বে নাহিদা স্থলাভিষিক্ত হয়েছেন সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থানে।২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১৩টি টি-টোয়েন্টি। এ সংস্করণে শিকার করেছেন ১৩২ উইকেট।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে নারী টি-টোয়েন্টিতে উইকেটসংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন নাহিদা।
অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারির বয়স ২৪ বছর। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি খেলেছেন ৭২টি টি-টোয়েন্টি। এ সংস্করণে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন সোবহানা। তাঁর আগে এই অর্জন ছিল নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের।
নতুন অধিনায়ক নাহিদা ও সহ-অধিনায়ক সোবহানার সামনে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।