আইসিসিবিতে জমজমাট বিমক্স প্রদর্শনী ও সুপার সেল কার বাজার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমজমাট হয়ে উঠেছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’ এবং সুপার সেল কার বাজার। একই ভেন্যুতে আয়োজিত দুই প্রদর্শনীতে ভিড় করছেন দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়ীরা।
জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর ব্যবস্থাপনা, মেরিন ইঞ্জিনিয়ারিং ও অফশোর প্রযুক্তির নানা সরঞ্জাম ও উদ্ভাবন নিয়ে আইসিসিবির নবরাত্রি হলে চলছে ‘৮ম বিমক্স-২০২৬’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
আয়োজকেরা জানান, সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। এ লক্ষ্য সামনে রেখে প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তি, সরঞ্জাম ও উদ্ভাবন তুলে ধরছে। প্রদর্শনীটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে আইসিসিবিতে আজ শুক্রবারও বসেছে গাড়ি কেনাবেচার আয়োজন ‘সুপার সেল কার বাজার’। সকাল ১০টায় শুরু হওয়া এ বাজার চলবে রাত ৮টা পর্যন্ত।
চলতি বছরের ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন প্রতি শুক্রবার নিয়মিত বসছে। এখানে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে।
আয়োজকেরা জানান, একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখা ও তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ভোগান্তি কমছে। পাশাপাশি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।