বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম
নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এ কর্মশালার আয়োজন করে। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার শিক্ষা দেওয়া। সড়কে শৃঙ্খলা মেনে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান, ঢাকার মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান এবং নিরাপদ সড়ককর্মী সফরা জাহান সেবা। পরিবহনব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকেরা।
এ সময় বিআরটিএর পক্ষ থেকে সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম ও নিরাপদে রাস্তা পারাপারসংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
কর্মশালার আয়োজক বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান সড়কে চলাচলের নিয়ম অনুসরণ এবং নিরাপদে রাস্তা পারাপারের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নিরাপদ সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব। সচেতনতা ও মানবিক আচরণের সমন্বয়ের মাধ্যমে এ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এ উপলব্ধি ছড়িয়ে দেওয়া জরুরি। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ সামনে রেখে বিআরটিএ শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।