EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মানবিকতার উষ্ণতায় শীতার্ত মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

মানবিকতার উষ্ণতায় শীতার্ত মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ
অ অ

শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে রাজধানীতে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার এ উদ্যোগে পথশিশুসহ তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ সহায়তা পান। সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে ঘুরে তাঁদের হাতে এসব সামগ্রী পৌঁছে দেন।

শীতের সকালে কুয়াশায় ঢাকা পড়ে শহর, রাতে দাপট দেখায় হিমেল বাতাস। কারও কাছে এ ঋতু উষ্ণ পোশাকে আরামের, আবার কারও কাছে প্রতিদিনের কঠিন জীবনসংগ্রামের। বিশেষ করে রাজধানীর ফুটপাত, পার্ক কিংবা খোলা আকাশের নিচে থাকা মানুষের দুর্ভোগ বাড়ে। মাথার ওপর নিরাপদ ছাদ ও পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তাঁদের কাছে সামান্য উষ্ণতাও বড় প্রাপ্তি। এমন মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনতেই শুভসংঘের সদস্যরা সহমর্মিতার হাত বাড়িয়ে দেন।

শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত উপকারভোগী জামাল বলেন, ‘শীতের মধ্যে আমাগো অনেক কষ্ট হয়। গরম কাপড়ের অভাবে রাইতে ঠিকমতো ঘুমাইতে পারি না। আজকে আপনারা আমাগো কাপড় দিছেন, এতে অনেক উপকার হইব।’

এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হলের শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা শীতবস্ত্রও শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দেখিয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে সব সময় বড় সামর্থ্যের প্রয়োজন হয় না; প্রয়োজন আন্তরিক ইচ্ছা।

আয়োজনটির মধ্য দিয়ে শুধু শীতবস্ত্রই পৌঁছে দেওয়া হয়নি, ছড়িয়ে দেওয়া হয়েছে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার বার্তা। শিক্ষার্থীদের এ প্রচেষ্টা মনে করিয়ে দেয়, প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষের পাঠ বা ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ।

শাখা কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়া লিশার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভসংঘের জবি শাখার সাধারণ সম্পাদক সামিয়া জামান।

জান্নাতুল মাওয়া লিশা বলেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে শীতে যাঁদের পর্যাপ্ত পোশাক কিংবা নিরাপদ আশ্রয় নেই, তাঁদের কষ্ট উপলব্ধি করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রত্যেকের মানবিক কর্তব্য। আমরা চাই, এ উদ্যোগের মাধ্যমে মানুষের মুখে কিছুটা স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনতে।’

সামিয়া জামান বলেন, ‘সুন্দর ও সহমর্মী সমাজ গড়তে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। আমাদের এই সামান্য প্রচেষ্টায় কারও শীতের কষ্ট কিছুটা কমলে সেটিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করি, মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হল শাখা কমিটির সদস্য সামসুন্নাহার মুক্তা, সুরাইয়া অনু, বিথি কুন্ডু ও মিথিলাসহ সংগঠনের অন্য সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। সংশ্লিষ্টরা আশা করছেন, হল শাখার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও উৎসাহিত করবে।

আরও পড়ুন