কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল পেলেন ২০ হতদরিদ্র নারী
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
শীতের শুরুতে কুষ্টিয়ায় ২০ জন হতদরিদ্র নারীর হাতে নতুন কম্বল তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের থানাপাড়ায় সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়।
শুভসংঘের জেলা শাখার সদস্যরা সুবিধাভোগী নারীদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেন, যাতে শীতের দিনে তাঁরা কিছুটা উষ্ণতা ও স্বস্তি পান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. এম বদিউজ্জামান এবং কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক। বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল প্রামাণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তারসহ সংগঠনের অন্য সদস্যরাও এতে অংশ নেন।
-6b09596ca83f4.jpg)
শীতের শুরুতে নতুন কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। তাঁদের অনেকে কম্বল গায়ে জড়িয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দোয়া করেন।
অসহায় এই নারীদের কাছে কম্বলটি শুধু শীত নিবারণের উপকরণ নয়; কঠিন সময়ে পাওয়া একটুখানি স্বস্তি ও সহমর্মিতার উপহারও। শীতবস্ত্র হাতে পাওয়ার পর তাঁদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানান ডা. এম বদিউজ্জামান। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশের বৃহত্তর সামাজিক সংগঠন। পত্রিকার মাধ্যমে জেনেছি, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শীতের শুরুতেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’