EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কিশোর গ্যাং রুখতে ফরিদপুরে শুভসংঘের উদ্যোগ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

কিশোর গ্যাং রুখতে ফরিদপুরে শুভসংঘের উদ্যোগ

ফরিদপুরে কিশোর গ্যাং প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা।

অ অ

কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বাড়াতে ফরিদপুরে মতবিনিময় সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

বিপথগামী কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত করাই ছিল আয়োজনের লক্ষ্য। আলোচনার মাধ্যমে কিশোর গ্যাংয়ে জড়ানোর কারণ, সামাজিক প্রভাব ও প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন শুভসংঘের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, আপ্যায়নবিষয়ক দায়িত্বে থাকা বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ফয়সাল ও মুক্তাসহ অন্য বন্ধুরা।

আলোচনায় বলা হয়, কিশোর গ্যাংয়ের বিস্তার পরিবার ও সমাজের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পারিবারিক অবহেলা, অভিভাবকের সঙ্গে দূরত্ব, অসৎ বন্ধুমহল, মাদকাসক্তি ও নৈতিক শিক্ষার ঘাটতি কিশোরদের অপরাধপ্রবণ করে তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারও এর অন্যতম কারণ।

আলোচনায় আরও উঠে আসে, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা, মানসিক পরিচর্যা ও ইতিবাচক পরিবেশ অত্যন্ত জরুরি। বিশেষ করে এ বয়সে এগুলোর অভাব দেখা দিলে তা তাদের অপরাধের দিকে ঠেলে দিতে পারে।

কিশোর গ্যাং প্রতিরোধে পরিবারের দায়িত্বশীল ভূমিকার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ আসে। পাশাপাশি তারা কাদের সঙ্গে মিশছে ও কোথায় যাচ্ছে, সে খোঁজ রাখতে বলা হয়। আচরণে কোনো পরিবর্তন দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথাও বলা হয়। ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সেই সঙ্গে খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। মাদক, সহিংসতা, সাইবার অপরাধ ও অপরাধী চক্রের প্রভাব সম্পর্কে কিশোরদের সচেতন করার তাগিদও দেওয়া হয়।

অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের সামাজিকভাবে বিচ্ছিন্ন না করার পরামর্শ উঠে আসে সভায়। তাদের অপরাধে জড়ানোর কারণ চিহ্নিত করে কাউন্সেলিং ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর কথা বলা হয়। তবে কিশোরদের ব্যবহার করে যারা অপরাধ চালায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

কিশোরদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে পাড়া-মহল্লায় খেলাধুলা, পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষক ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে আলোচনায় জানানো হয়।

সভায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সচেতনতা তৈরির পাশাপাশি কিশোরদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এর মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তাঁরা।

আরও পড়ুন