শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
শ্রীমঙ্গলের উত্তরণ পাঠাগারে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা।
সাহিত্যচর্চা ও বইপাঠে আগ্রহ বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাহিত্য আড্ডার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল বুধবার সন্ধ্যায় কলেজ রোডের উত্তরণ পাঠাগারে সংগঠনের শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
এতে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাহিত্য মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে এবং জীবনের নানা অভিজ্ঞতা ও সমাজের বাস্তবতাকে নতুনভাবে বুঝতে শেখায়। বইয়ের পাতায় উঠে আসা সেই জীবনবোধ ও সাহিত্যিক ভাবনাই ছিল এ আয়োজনের মূল উপজীব্য।
আড্ডার মূল আলোচনায় স্থান পায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের বহুল আলোচিত উপন্যাস ‘নূরজাহান’ ও ‘পরাধীনতা’। উপন্যাস দুটির কাহিনি, চরিত্র নির্মাণ, সমাজবাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব এবং লেখকের বর্ণনাশৈলী নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পাঠ-অভিজ্ঞতা তুলে ধরেন। সাহিত্যের মধ্য দিয়ে সমাজ, মানুষের জীবনসংগ্রাম, সম্পর্ক ও সময়কে বোঝার নানা দিক নিয়েও মতবিনিময় হয়।
দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া ও সমাজকল্যাণ সম্পাদক এস এম ফজলে রাব্বি। এ ছাড়া ব্যবসায়ী ও সমাজসেবক তাহির মিয়া, টিলাগাঁও রিসোর্টের ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম, চাকরিজীবী সাজ্জাদ হোসেন সাজু এবং শিক্ষার্থী দেওয়ান আহবাব রাফি, আফজাল হোসেন, মো. মুন্তাসার রহমান, নাভিদ ও ফাতেমা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, সমাজে মূল্যবোধ ও মানবিকতা জাগ্রত করতে নিয়মিত সাহিত্যচর্চার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল করে তুলতে উত্তরণ পাঠাগারের মতো পাঠকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি চিন্তা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে।
শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, ভালো কাজের পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডেও শুভসংঘ সক্রিয় থাকতে চায়। সাহিত্য আড্ডার মাধ্যমে বিভিন্ন বয়স ও পেশার মানুষের মধ্যে চিন্তার আদান-প্রদান এবং ইতিবাচক সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়াই তাঁদের উদ্দেশ্য।
আনুষ্ঠানিক আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্য আড্ডা চালু রাখা, নিজেদের মধ্যে বই বিনিময় এবং নতুন পাঠক তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।