EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কালুখালীতে দুই মনীষীর স্মরণে শুভসংঘের কুইজ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

কালুখালীতে দুই মনীষীর স্মরণে শুভসংঘের কুইজ

কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা ও কুইজ আয়োজন।

অ অ

নতুন প্রজন্মের কাছে দেশের সাহিত্য, বিজ্ঞান ও মনীষীদের অবদান তুলে ধরতে রাজবাড়ীর কালুখালীতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নজির আলী মার্কেট চত্বরে সংগঠনের কালুখালী উপজেলা শাখা এ আয়োজন করে। 

শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

আলোচনায় মীর মোশাররফ হোসেনের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং কালজয়ী সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। ১৮৪৭ সালে কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্ম নেওয়া এই সাহিত্যিকের জীবনের বড় অংশ কেটেছে বর্তমান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে। তাঁর ‘বিষাদ-সিন্ধু’ ১৮৮৫ থেকে ১৮৯১ সালের মধ্যে তিন খণ্ডে প্রকাশিত হয়। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে বিজ্ঞানী, গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ড. কাজী মোতাহার হোসেনের গবেষণা, শিক্ষা ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরা হয়। ১৮৯৭ সালে জন্ম নেওয়া এই মনীষী দেশে পরিসংখ্যান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদানের কথাও আলোচনায় উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোতাহার হোসেন মুসলিম সাহিত্য সমাজের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর তিনি ঢাকায় মারা যান।

বক্তারা বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়নে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানচর্চার বিকল্প নেই। স্থানীয় কৃতী ব্যক্তিত্বদের সম্পর্কে জানলে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে পরিচিত হতে পারে। তাঁদের জীবনসংগ্রাম ও অধ্যবসায় নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এ ধরনের পাঠচক্র বই পড়ার আগ্রহ ও মননশীলতা বিকাশে সহায়ক হবে। পাঠ্যবইয়ের বাইরে দেশীয় সাহিত্য ও বিজ্ঞানবিষয়ক বই পড়লে তাদের চিন্তার জগৎও সমৃদ্ধ হবে।

আলোচনা শেষে কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই মনীষীর জীবন, কর্ম ও অবদান সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দেন। এতে সুমাইয়া আক্তার সাইমা প্রথম, পাভেল মাহমুদ দ্বিতীয় এবং মিনহাজুল শৈইমুর সিয়াম তৃতীয় হন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন।

কালুখালীর হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হানিফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকির উদ্দিন খান মামুন, অধ্যাপক মো. আসাদুল ইসলাম ও উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ইতিহাস ও মনীষীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চায় বসুন্ধরা শুভসংঘ। পাশাপাশি কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতেও সংগঠনটি কাজ করবে।

আরও পড়ুন