EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে ভোলায় শুভসংঘের আলোচনা সভা

ডেইলি সান রিপোর্ট, ভোলা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে ভোলায় শুভসংঘের আলোচনা সভা

ছবি: ডেইলি সান

অ অ

যুবসমাজের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে ভোলায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে ‘যুবসমাজের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বেকারত্ব, দক্ষতার অভাব, মাদক ও সামাজিক অবক্ষয়সহ নানা প্রতিকূলতা যুবসমাজের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তাঁরা বলেন, তরুণদের কেবল চাকরির প্রত্যাশী হলে চলবে না। নিজেদের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, মানবিক উদ্যোগ এবং সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মীর আবিদ হোসেন (রাফি) সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইফাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়া আতীক, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, সহসাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদাউস মিথিলা, দপ্তর সম্পাদক নুসরাত জাহান সাদিয়া, প্রচার সম্পাদক মো. জিহাদ, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাবেয়া নুপুর, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মারজিয়া ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুক্তা আক্তার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক বিবি ফাতেমা এবং সমাজকল্যাণ সম্পাদক সনিয়া আক্তার।

এ ছাড়া কার্যকরী সদস্য ঝুমুর, আরজু বেগম ও মো. আহাদসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া তরুণরা নিজেদের ভাবনা, প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ভোলার স্থানীয় সমস্যা সমাধান এবং যুব নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

সভাপতি মীর আবিদ হোসেন বলেন, যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে তাদের সম্ভাবনা বিকাশের পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণদের ইতিবাচক নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যেতে চায়।

সাধারণ সম্পাদক মো. ইফাজ হোসেন বলেন, সমাজ ও দেশের কল্যাণে যুবকদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। স্বেচ্ছাসেবা, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের সম্মিলিত প্রচেষ্টা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির বলেন, যুবসমাজকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়নে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণদের নেতৃত্বের বিকাশ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভা থেকে মানবিক, দক্ষ, সচেতন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন