খাদ্যে ভেজাল প্রতিরোধে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের মিছিল ও মানববন্ধন
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
ছবি: ডেইলি সান
খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাটে মিছিল ও মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি সচেতনতামূলক মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য মানুষের মৌলিক অধিকার। সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত খাবার নিশ্চিত করা জরুরি। কিন্তু অসাধু ব্যবসায়ীদের কারসাজি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং খাদ্যপণ্যে ভেজাল মেশানোর কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
তাঁরা বলেন, খাদ্যে ভেজাল মেশানো গুরুতর সামাজিক অপরাধ। এর ফলে শিশু, নারী ও বয়স্কসহ সব বয়সী মানুষ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দীর্ঘদিন ভেজাল ও অনিরাপদ খাবার গ্রহণের কারণে শরীরে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মান বজায় রাখতে হবে। অধিক মুনাফার আশায় খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভেজাল মেশানোর মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর নিয়মিত তদারকি ও বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।
মানববন্ধন থেকে খাদ্যে ভেজাল মেশানো বন্ধ, খাদ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, বাজারে নিয়মিত অভিযান পরিচালনা এবং ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি ভোক্তাদের খাদ্যপণ্য কেনার সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মোড়ক, গুণগত মান এবং সংরক্ষণব্যবস্থা যাচাই করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আলিফুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা ও নারী বিষয়ক সম্পাদক নুশরাত আক্তার উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাবিহা তুল লামিয়া, রাজিয়া আক্তার, তাছলিমা, বৈশাখী, তৌফিকা, সিয়াম, বৃষ্টি আক্তার, অন্তর, ফারিয়া আক্তার মিম, দুর্লভ ও আলিমুন আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সম্মিলিত সচেতনতা, নিয়মিত তদারকি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।