EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

অসহায় আত্তাব আলীর চলার সঙ্গী হলো বসুন্ধরা শুভসংঘের হুইলচেয়ার

ডেইলি সান রিপোর্ট, জয়পুরহাট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

অসহায় আত্তাব আলীর চলার সঙ্গী হলো বসুন্ধরা শুভসংঘের হুইলচেয়ার
অ অ

নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, একা কোথাও যাওয়ার সামর্থ্যও নেই। পক্ষাঘাতে কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে গেছে ৮৫ বছর বয়সী আত্তাব আলীর। জীবনের এই অসহায় সময়ে তাঁর চলাফেরার কিছুটা স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল শাখা। সংগঠনের উদ্যোগে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের খাট্টারপাড়া গ্রামের আত্তাব আলী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। স্ত্রী শেফালী অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। অভাবের সংসারে স্বামীর চিকিৎসা ও দেখাশোনা করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় তাঁকে। তাঁদের বসবাসও একটি জরাজীর্ণ পরিত্যক্ত মাটির ঘরে।

এর আগে বসুন্ধরা শুভসংঘ তাঁদের এক মাসের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেয়। আত্তাব আলীর চলাফেরার অসহায়ত্ব উপলব্ধি করে তাঁকে হুইলচেয়ার দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।

হুইলচেয়ার পেয়ে আত্তাব আলীর চলাফেরায় কিছুটা স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। ঘরের বাইরে যাওয়া কিংবা আশপাশে চলাফেরার জন্য এখন আর পুরোপুরি অন্যের ওপর নির্ভর করতে হবে না তাঁকে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, ‘সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে একজন প্রবীণ মানুষ অসুস্থতা ও অসহায়ত্বের কারণে স্বাভাবিক চলাফেরা করতে না পারলে তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত। সমাজের বিত্তবানরাও এমন মানুষের পাশে এগিয়ে এলে তাঁদের কষ্ট অনেকটাই লাঘব হবে।’

বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘আগে তাঁদের খাদ্য ও চিকিৎসার সহায়তা দিয়েছিলাম। কিন্তু আত্তাব আলীর চলাফেরার অসহায়ত্ব দেখে মনে হয়েছে, তাঁর জন্য হুইলচেয়ার খুব প্রয়োজন। সেই ভাবনা থেকেই সদস্যদের সহযোগিতায় এটি দেওয়ার ব্যবস্থা করেছি। তাঁর মুখে একটু স্বস্তি দেখতে পারাটাই আমাদের আনন্দ।’

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, ক্ষেতলাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাধারণ সদস্য রমজান প্রামাণিক, ইউনুস প্রামাণিক, রিয়াদ, সিয়াম, মেজবা, সেজান, জিহাদ, জোব্বার, আলামিন, সোহেল, সুমন, সুজন, রায়হান, নাঈম, রউফ ও মিনহাজসহ সংগঠনের অন্য সদস্যরা।

আরও পড়ুন