EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে পোস্টার প্রদর্শনী

ডেইলি সান রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

বরগুনায় সুপেয় পানির সংকট নিরসনে পোস্টার প্রদর্শনী
অ অ

উপকূলীয় জেলা বরগুনায় জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পানির লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির সংকট ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠী ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

কোথাও নিরাপদ পানির উৎসের অভাব, আবার কোথাও টিউবওয়েল স্থাপন করা হলেও পানি না ওঠায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। এ অবস্থায় নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে বরগুনায় সোমবার (২৩ নভেম্বর) সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে এ পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের কারণ, সাধারণ মানুষের ভোগান্তি এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হয়।

পোস্টার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মো. মাসুদ আলম মনির, মো. নাসির উদ্দীন খান, মো. ফরিদ উদ্দীন খোকন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সদস্য আকবর হোসেন প্রিন্স ও সামছুর রহমানসহ অন্যরা।

আয়োজনে বক্তারা বলেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপকূলীয় বরগুনার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তন ও পানির লবণাক্ততার কারণে সেই অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং মিঠাপানির উৎস সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করা হলেও অনেক ক্ষেত্রে সেগুলো থেকে পানি পাওয়া যাচ্ছে না। ফলে অবকাঠামো নির্মাণের পাশাপাশি পানির উৎসের উপযোগিতা যাচাই, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। শুধু টিউবওয়েল স্থাপন করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলো থেকে মানুষ নিয়মিত নিরাপদ পানি পাচ্ছেন কি না, তা তদারকিও প্রয়োজন।

তাঁরা বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের উপযোগী ব্যবস্থা গড়ে তোলা, পুকুর ও জলাশয় পুনঃখনন, মিঠাপানির আধার সংরক্ষণ, নদী-খাল দখল ও দূষণমুক্ত রাখা এবং লবণাক্ততাসহিষ্ণু নিরাপদ পানির প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিদ্যমান পানির উৎসগুলো সচল রাখতে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রয়োজন।

বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পসহ পানিসংকটে থাকা এলাকাগুলোতে ব্যবহার উপযোগী ও টেকসই সুপেয় পানির উৎস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পোস্টার প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব, উপকূলীয় জনপদের বাস্তব সংকট এবং এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরে বসুন্ধরা শুভসংঘ।

আরও পড়ুন