EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ভালো কাজের মাধ্যমে খারাপ মানুষদের বদলে দিতে হবে

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

ভালো কাজের মাধ্যমে খারাপ মানুষদের বদলে দিতে হবে
অ অ

ভালো কাজের মাধ্যমে সমাজের খারাপ মানুষদের বদলে দিতে হবে বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক মিলন। রবিবার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেরং কমপ্লেক্সে বসুন্ধরা শুভসংঘের জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিলন বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ মানুষ ভালো। তবে অল্প কিছু মানুষ এতটাই খারাপ যে তারা সবাইকে প্রভাবিত করে নষ্ট করতে চায়। আমরা ভালো কাজের মাধ্যমে তাদের বদলে দিতে চাই। বসুন্ধরা শুভসংঘ সেই কাজটিই করছে। আমরা সবাই মিলে ভালো কাজ করলে ওই মানুষটিও ভালো কাজ করতে বাধ্য হবে। তাই আমাদের স্লোগান ‘শুভ কাজে সবার পাশে’। আমরা একজন খারাপ মানুষের পাশেও দাঁড়াব, তাঁদের বদলে দেওয়ার জন্য।’

তরুণ স্বেচ্ছাসেবীদের মুঠোফোনের আসক্তি কমিয়ে বই পড়া ও সুস্থ ধারার সংস্কৃতিচর্চা করার আহ্বানও জানান তিনি।

সম্মেলনে পঞ্চগড়ের পাঁচ উপজেলা এবং ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার শুভসংঘের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীদের টি-শার্ট ও বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, তেঁতুলিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, পঞ্চগড় জেলা শুভসংঘের সভাপতি সুমন ইসলাম, তেঁতুলিয়া শুভসংঘের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটনসহ স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা।

পঞ্চগড় শুভসংঘের সদস্য উম্মে নাহারই জান্নাত বলেন, শুভসংঘ ভালো কাজের দারুণ একটি জায়গা। শিক্ষাবৃত্তি, নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ ও পরিবেশের উন্নয়নে কাজ করে তাঁরা অন্যদের উদ্বুদ্ধ করছেন।

তেঁতুলিয়া শুভসংঘের সভাপতি হুমায়ুন কবির বলেন, প্রথমবারের মতো ইমদাদুল হক মিলন তেঁতুলিয়ায় এসেছেন। তাঁরা অনেক ভালো পরামর্শ পেয়েছেন এবং শুভ কাজে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।

পঞ্চগড় জেলা শুভসংঘের সভাপতি সুমন ইসলাম বলেন, সম্মেলনে সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়েছে এবং ভালো দিকনির্দেশনা পাওয়া গেছে। এর আলোকে তাঁরা ভালো কাজের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে কাজ করবেন।

আরও পড়ুন