শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
বৃদ্ধা মাবিয়া বেগমের হাতে সহায়তা তুলে দিয়েছেন শুভসংঘের সদস্যরা।
শেরপুরে অসহায় বৃদ্ধা মাবিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা। শনিবার (২১ নভেম্বর) সদর উপজেলার পূর্বশেরী গ্রামে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিকূল পরিস্থিতিতে থাকা পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের পাশে থাকার প্রত্যয় থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাবিয়া বেগমের স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাফেরা ও উপার্জনে অক্ষম। দীর্ঘদিন ধরে শারীরিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছে পরিবারটির। অভাব-অনটনের কারণে সংসারের প্রয়োজন মেটানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামান্য সহায়তাও তাঁদের কাছে অনেক বড় পাওয়া।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক হাকিম বাবুল, সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক জিহাদ রানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক রাকিব আহমেদসহ অন্য সদস্যরা।
এ সময় হাকিম বাবুল বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদের সময়ে তার পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবিকতা। প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা।’
সংগঠনের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’
বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ পরিবারটির সংকট পুরোপুরি দূর করতে না পারলেও তাদের মনে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।