EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

চরফ্যাশনে নদীপাড়ের শিশুদের জন্য শুভসংঘের আনন্দ পাঠশালা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

চরফ্যাশনে নদীপাড়ের শিশুদের জন্য শুভসংঘের আনন্দ পাঠশালা

চরফ্যাশনে আনন্দ পাঠশালায় নদীপাড়ের শিশুরা।

অ অ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে নদীপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘আনন্দ পাঠশালা’ আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিশুদের মুখে হাসি ফোটাতে ও শৈশবে আনন্দের কিছু মুহূর্ত যোগ করতে এই আয়োজন করা হয়। গল্প, আনন্দ ভাগাভাগি ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়।

অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বিষয়ে তাদের উৎসাহ দেওয়া হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি শিশুদের স্বপ্ন, প্রত্যাশা ও অনুভূতির কথাও গুরুত্ব দিয়ে শোনেন আয়োজকেরা।

মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত চরফ্যাশনের মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক গভীর। নদীভাঙনসহ নানা প্রাকৃতিক ও আর্থসামাজিক প্রতিকূলতার মুখে পড়তে হয় এখানকার অনেক পরিবারকে। বসতভিটা ও জীবিকার অনিশ্চয়তার প্রভাব পড়ে শিশুদের জীবনেও। অনেক সময় তারা স্বাভাবিক শৈশবের আনন্দ ও নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতায় শিশুদের জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আয়েশা রিপা বলেন, শুভসংঘ সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের শিক্ষা, অধিকার ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে সংগঠনটি নানা মানবিক ও সামাজিক কার্যক্রম চালাচ্ছে। বিশ্ব শিশু দিবসে নদীপাড়ের শিশুদের নিয়ে আনন্দ পাঠশালা সেই প্রচেষ্টারই অংশ।

সংগঠনের সদস্যরা বলেন, কোনো বৈষম্য ছাড়া বেড়ে ওঠা প্রতিটি শিশুর অধিকার। প্রত্যেক শিশুর স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের সুযোগ থাকা জরুরি। তাঁদের মতে, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শুধু বিশেষ দিবসে নয়, সারা বছর শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলেও তাঁরা মন্তব্য করেন।

আয়োজকেরা জানান, নদীভাঙনে মানুষের বসতভিটা ও জীবনের বাস্তবতা বদলে গেলেও শিশুদের স্বপ্ন যেন হারিয়ে না যায়, সেই বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।

আরও পড়ুন