EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

বিশ্ব শিশু দিবস

সদরঘাটে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

সদরঘাটে পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সদরঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে পথশিশুরা।

অ অ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রাজধানীর সদরঘাটে পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপহার বিতরণের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৮ নভেম্বর) শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের সৃজনশীলতা বিকাশ এবং শৈশবের আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পথশিশুরা রঙ-তুলির আঁচড়ে কাগজে নিজেদের কল্পনা, স্বপ্ন ও ভাবনা ফুটিয়ে তোলে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে সময় কাটান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে শিক্ষা উপকরণ, উপহার ও খাবার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

শাখার সভাপতি রাসেল শেখ বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক শিশু সুযোগের অভাবে তা বিকশিত করতে পারে না। তাদেরও অন্য শিশুদের মতো আনন্দ করা, স্বপ্ন দেখা ও সুন্দর শৈশব পাওয়ার অধিকার রয়েছে। সেই ভাবনা থেকেই এই আয়োজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই তাঁদের বড় প্রাপ্তি।

সাধারণ সম্পাদক সামিয়া জামান বলেন, শিশু দিবস প্রতিটি শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারের দিন। পথশিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব। শুধু বিশেষ দিবসে নয়, সারা বছরই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন শাখার নির্বাহী সভাপতি রাকিবুল ইসলাম রিফাত, সিনিয়র সহ-সভাপতি বুশরাত আক্তার বর্ষা ও রতন হোসেন, সহ-সভাপতি মো. আল-শাহরিয়ার খান, মাহফুজা খানম একা ও আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইখুল আলম রিংকু, খাদিজা খাতুন ও মালিহা আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহিন, প্রচার সম্পাদক সুহাইল আহমেদ।

আরও পড়ুন