EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

কক্সবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালাবে বসুন্ধরা শুভসংঘ
অ অ

পর্যটন শহর কক্সবাজারে মাদকের বিস্তার রোধ এবং তরুণ ও যুবসমাজকে এর ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ কক্সবাজার জেলা শাখা। এ লক্ষ্যে বুধবার বিকেলে শহরের পর্যটন মোটেল প্রবালে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ কক্সবাজার জেলা শাখার সভাপতি মিনহাজ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফির সঞ্চালনায় সভায় মাদকের নেতিবাচক প্রভাব, বিস্তার, ভয়াবহ পরিণতি এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশ ও সমাজের অন্যতম বড় ব্যাধিতে পরিণত হয়েছে। সীমান্তবর্তী ও পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে মাদকের বিস্তার এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সহজলভ্যতার কারণে বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

সভায় সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ বলেন, ‘কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। তবে সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা শুভসংঘ কক্সবাজারের মাদকপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে সমাজে মাদক সেবনের প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করা হবে।’

উপদেষ্টা হাসানুর রশীদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশেষ করে কক্সবাজারের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে সংগঠনটি কাজ করবে।’ এ উদ্যোগ সফল করতে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন