ডাসারে নিপাহ ভাইরাস প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
মাদারীপুরের ডাসারে নিপাহ ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ডাসার উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ ডাসার উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ডাসারে নিপাহ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিপাহ ভাইরাস ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম শনাক্ত হয়। বাদুড়ের লালা ও অন্যান্য নিঃসরণের মাধ্যমে দূষিত খাবার থেকে এ ভাইরাস ছড়াতে পারে। আমাদের মাদারীপুর জেলা খেজুরের রসের জন্য পরিচিত। বিশেষ করে শীত মৌসুমে এখানে খেজুরের কাঁচা রস পান করার প্রবণতা রয়েছে। তাই নিপাহ ভাইরাসের ঝুঁকি এড়াতে সবাইকে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, ‘নিপাহ ভাইরাস একটি মারাত্মক প্রাণঘাতী সংক্রামক ভাইরাস। বাংলাদেশে ২০০১ সালে প্রথম মেহেরপুর জেলায় এ ভাইরাস শনাক্ত হয়। এ থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে, বাদুড়ের খাওয়া বা আংশিক খাওয়া ফল পরিহার করতে হবে এবং ফলমূল ভালোভাবে ধুয়ে খেতে হবে।’
জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবার-পরিজন ও আশপাশের মানুষকে সচেতন করতে হবে। নিপাহ ভাইরাস প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভায় নিপাহ ভাইরাসের সংক্রমণের কারণ, লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।