EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের সভা
অ অ

পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিরূপণে গবেষণার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘ বান্দরবান বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন ও ঝুঁকি নিরূপণে গবেষণা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হুরাইন জান্নাত ইলমার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মিয়াদ মারজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সহকারী অধ্যাপক ওয়াহিদূর রহমান। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও উপদেষ্টা স্বরাজ কুমার শর্মা এবং উপদেষ্টা নকিবুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ওয়াহিদূর রহমান বলেন, ‘পার্বত্য অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো যথাযথভাবে বুঝতে স্থানীয় বাস্তবতাভিত্তিক গবেষণা জরুরি। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

বিশেষ অতিথি স্বরাজ কুমার শর্মা বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির কার্যকর ব্যবহার গুরুত্বপূর্ণ। গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব।’

বিশেষ অতিথি নকিবুল ইসলাম চৌধুরী বলেন, ‘পার্বত্য অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।’

সভাপতির বক্তব্যে হুরাইন জান্নাত ইলমা বলেন, ‘শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করাও বসুন্ধরা শুভসংঘের অন্যতম লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।’

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পুমাশে মারমা, সাংগঠনিক সম্পাদক তেং জ ওয়ান মারমা, সমাজকল্যাণ সম্পাদক জ্যোতি চাকমা, আশরাফিন সাবাহ, তাফহিম সিদ্দিক সাকিব এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক বিনয় তঞ্চঙ্গ্যা।

এ ছাড়া কার্যকরী সদস্য ডেনিউ মারমা, তাওফিক ইমরান আসিফ, হালিমা কাশেম হামীম, মানন কান্তি, হাইনু মার্মা, মাসাইয়ে, মোহাম্মদ মাহীন, হালিমাতুস সাদিয়া মাহিরা, মৈত্রীময় চাকমা, তৌসিফ রায়হান, মংপুসে মারমা, রবিউল ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন