সৈয়দপুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার পরিদর্শন করলেন ইমদাদুল হক মিলন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ‘মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার’ পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। পরিদর্শনকালে তিনি পাঠাগারের সার্বিক কার্যক্রম, বইয়ের সংগ্রহ এবং পাঠকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
পাঠাগার পরিদর্শনকালে ইমদাদুল হক মিলন স্থানীয় শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ করা এবং নিয়মিত পাঠচক্র ও সাহিত্যবিষয়ক আয়োজনের মাধ্যমে তরুণদের পাঠাগারমুখী করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলেন, ‘বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একটি সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতা বিকাশের অন্যতম কেন্দ্র। তরুণ প্রজন্মকে বইমুখী করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, দেশের প্রতিটি অঞ্চলে পাঠাগার গড়ে উঠুক। শিক্ষার্থী ও তরুণেরা বই পড়ার সুযোগ পাক। বইয়ের মাধ্যমে তারা নিজেদের সমৃদ্ধ করুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। বসুন্ধরা শুভসংঘ মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, সৈয়দপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা তোফাজ্জল হোসেনে লুতু, সভাপতি শফিকুল আলম, সহসভাপতি এস এম শাকিল ইসলাম ও হারুন অর রশিদ (হারুন), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), দপ্তর সম্পাদক সোহাগ রানা দিপু, প্রচার সম্পাদক রিফাত চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবা তাবাসসুম ত্রপা, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোতমাইন্না মিতাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পাঠাগার পরিদর্শন শেষে ইমদাদুল হক মিলন শিশু স্বর্গ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।