পীরগঞ্জে শীতজনিত রোগ প্রতিরোধে শুভসংঘের সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
শীতজনিত রোগ প্রতিরোধে আলোচনায় শুভসংঘের সদস্যরা
শীতজনিত রোগ থেকে নিজেদের ও পরিবারের সদস্যদের সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখা বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দুলগাঁ পিএস ক্লাব মাঠে সংগঠনের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে।
সভায় শীত মৌসুমে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর ও গরম খাবার খাওয়া এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। আবহাওয়া বদলের এ সময়ে সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়াসহ নানা রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতার বিষয়টি সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময় জ্বর, কাশি ও ডায়রিয়ার মতো অসুস্থতা দেখা দিতে পারে। তাই বাসি ও খোলা খাবার এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতন হওয়ার ওপর জোর দিতে হবে।
শাখার সভাপতি তারেক হোসেন বলেন, শীতের শুরু থেকেই প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরতে হবে। পরিবারের শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে এবং গরম ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কেউ অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শাখার সদস্য বেলাল হোসেন, গোলাম রব্বানী, সুকদেব সাহা, শিমুল সৌরভ, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, আসাদুজ্জামান, রেজাউল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।