রাজশাহীতে পাখি চেনার হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
পাখি শনাক্তের হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন শুভসংঘের সদস্যরা।
‘পাখি চিনুন, প্রকৃতিকে জানুন, জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী পাখি চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বার্ড আইডেন্টিফিকেশন ২০২৬’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে পাখি শনাক্তকরণের প্রশিক্ষণ নেন।
জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন সুপ্রভা রয় স্টেলা।
প্রশিক্ষক হিসেবে আশফাক হোসাইন, শ্রেষ্ঠ সরকার ও আকাশ মজুমদার অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পাখির বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, স্বভাব ও আচরণ পর্যবেক্ষণ, আবাসস্থল চেনা এবং পাখিবিষয়ক গবেষণার প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
-6afd7d03a19fe.jpg)
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে পাখির গুরুত্ব অপরিসীম। শুধু পাখি সম্পর্কে জানা নয়, তাদের নিরাপদ আবাসস্থল রক্ষায় তরুণ সমাজসহ সবার মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
কর্মশালায় সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ সাজিদ ও ফারহানা সুলতানা প্রিয়া, দপ্তর সম্পাদক এস এম আলফাজ নয়ন, অর্থ সম্পাদক তাহসিন শেখ এবং কার্যনির্বাহী সদস্য আকাশ মজুমদারসহ অন্য সদস্য ও প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীরা অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, পাখি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম চলবে।