মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বদলগাছীতে শুভসংঘের সভা
ডেইলি সান রিপোর্ট, নওগাঁ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: ডেইলি সান
মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কামারবাড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ বদলগাছী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মুন্না, বসুন্ধরা শুভসংঘের সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা ও উপদেষ্টা এমদাদুল হক দুলু।
বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি ও পরিবারের স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে অনলাইন জুয়া দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন দেখালেও এতে সঞ্চয় হারানো, ঋণগ্রস্ততা ও পারিবারিক অশান্তির ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা জুয়ার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছে।
তাঁরা বলেন, তরুণদের এসব আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও কারিগরি প্রশিক্ষণে তরুণদের যুক্ত করতে হবে।
সভায় অনলাইন জুয়ার প্রলোভনমূলক বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্তানদের অনলাইন কার্যক্রমের খোঁজ রাখা এবং কেউ আসক্ত হলে তাকে অবহেলা না করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরামর্শ দেন বক্তারা।
সভায় অংশগ্রহণকারীরা মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।