EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যাভ্যাসের পাঠ দিল শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যাভ্যাসের পাঠ দিল শুভসংঘ

সুন্দরগঞ্জে পুষ্টি ও নিরাপদ খাদ্যবিষয়ক আলোচনায় শিক্ষার্থীরা।

অ অ

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের পুষ্টি ও নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে আলোচনা সভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বিলিভার্স একাডেমিতে সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলাই ছিল এর লক্ষ্য।

আলোচনায় সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, দৈনন্দিন খাবারে পুষ্টিকর উপাদান রাখা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিহারের বিষয়গুলো তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জানানো হয়, প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ রাখা প্রয়োজন। বাইরের খোলা খাবার ও অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবারের ক্ষতির দিকও বোঝানো হয়। খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান এবং খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা শেষে শিক্ষার্থী মো. জাইফ মিয়া বলে, ‘আজকের আলোচনা থেকে নিরাপদ ও পুষ্টিকর খাবার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।’ আরেক শিক্ষার্থী মো. আসিফ সরকার বলে, ‘শুধু পেট ভরলেই হবে না, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিও নিশ্চিত করতে হবে। আমরা পরিবার ও বন্ধুদেরও নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করব।’

শুভসংঘ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকাশ বলেন, ‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি ভেজাল খাবারের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতনতা তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুর আলম নুর, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া এবং সদস্য শহিদুল ইসলাম সুমন, আল আমিন, মো. জাহাঙ্গীর আলম, জুয়েল রানা ও দেলোয়ার হোসাইন।

আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন