আইইউবিএটিতে বসুন্ধরা শুভসংঘের নবীনবরণ, নতুন কমিটি ঘোষণা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
আইইউবিএটিতে নবীনবরণ ও নতুন কমিটি ঘোষণায় বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার ‘মিলনমেলা ও নবীনবরণ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আইইউবিএটি ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে নবীন সদস্যদের বরণ, বিদায়ী সদস্যদের সম্মাননা ও নতুন কমিটি ঘোষণা করা হয়। সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল আয়োজনের লক্ষ্য।
সকাল থেকে নবীন-প্রবীণ সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীরা ক্যাম্পাসে জড়ো হন। নিবন্ধন ও নাশতার পর ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। তাঁদের সংগঠনের লক্ষ্য, মানবিক দর্শন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. সাদেকুল ইসলাম, শাখার উপদেষ্টা মো. ফরহাদ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আল মামুন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘একটি সংগঠনের প্রকৃত সফলতা নির্ভর করে তার সদস্যদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও কার্যক্রমের ওপর। নতুন ও পুরোনো সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা আগামী দিনে আরও ভালো কাজ করবে বলে প্রত্যাশা করি। নতুন নেতৃত্বকে দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. সাদেকুল ইসলাম বলেন, ‘একটি সংগঠনকে এগিয়ে নিতে প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। নবীনদের আগমন এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সংগঠনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’
সকালে মেয়েদের কানামাছি ও ছেলেদের মোরগ লড়াই প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। কানামাছিতে প্রথম হন কানিজ ফাতেমা, দ্বিতীয় মীম আক্তার ও তৃতীয় সোহানা ফেরদৌসী। মোরগ লড়াইয়ে প্রথম জামিল, দ্বিতীয় সাইফুল ও তৃতীয় প্রিন্স দেবনাথ। বিকেলে সদস্যরা গান, নাচ, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন।
বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও টোকেন অব অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়া হয়। বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলিমা তাজ, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার সিমু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ওয়াফি এবং দপ্তর সম্পাদক শোভন কুমার শীল।
আয়োজকেরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে শাখার শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।