EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় আগ্রহী করতে সচেতনতা ক্যাম্পেইন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় আগ্রহী করতে সচেতনতা ক্যাম্পেইন
অ অ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গাবর্দ্ধনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ। শিশুদের বিদ্যালয়মুখী করা, নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি এবং শিক্ষার প্রতি অভিভাবকদের দায়িত্ববোধ বাড়াতে সংগঠনের আদিতমারী উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবীরা অর্ধশতাধিক শিশুর অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে কথা বলেন। পারিবারিক অসচ্ছলতা ও চরাঞ্চলের নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন তাঁরা।

স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের বোঝান, শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী কি না এবং তার অগ্রগতি কেমন, এসব বিষয়ে নিয়মিত নজর রাখা প্রয়োজন।

শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন বলেন, ‘শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আর্থিক অসচ্ছলতা বা প্রতিকূল পরিবেশের কারণে কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।’

জেলা শাখার সভাপতি জামাল হোসেন বলেন, ‘শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অভিভাবকদের প্রতি আহ্বান, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান, পড়াশোনার খোঁজ রাখুন।’

ক্যাম্পেইনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা বাড়িতে এসে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। এতে আমরা উৎসাহিত হয়েছি। সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।’

উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহবুব রহমানসহ সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন