EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীদের কোরআন উপহার শুভসংঘের

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীদের কোরআন উপহার শুভসংঘের
অ অ

ধর্মীয় শিক্ষা চর্চায় উৎসাহিত করা এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। 

সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আটজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং শিশুদের চরিত্র গঠনে কোরআনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাস, সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস ও আশরাফুল আলম নাজিম, সাংগঠনিক সম্পাদক অয়ন সাহা, দপ্তর সম্পাদক সীমান্ত পালসহ সংগঠনের সদস্যরা। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার ইমাম হাফেজ হাফিজুর রহমান বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। অপরাধমুক্ত ও আলোকিত সমাজ গঠনে কোরআনের শিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে।

সভাপতি সুজন দাস বলেন, শিশুদের হাতে কোরআন শরীফ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এতে তাদের কোরআন পাঠের আগ্রহ বাড়বে বলে আশা করি। উদ্যোগে সহযোগিতার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

সাধারণ সম্পাদক তুর্য বিশ্বাস বলেন, বসুন্ধরা শুভসংঘ তৃণমূল পর্যায়ে বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা চর্চার সুযোগ তৈরি হচ্ছে। সমাজের কল্যাণে সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহার পেয়ে শিক্ষার্থী মো. যোবায়ের হোসেন বলেন, আমাদের মাদ্রাসাটি নতুন। এখানে একটি পুরোনো কোরআন শরীফ ছিল। নতুন কোরআন পেয়ে আমার মন ভরে গেছে। আজ এশার নামাজের পর সবার জন্য দোয়া করব।

কোরআন পাওয়া শিক্ষার্থীরা হলো আমির হামজা, সাইফুল আলম, সুমন মাহমুদ, নাজিম উদ্দিন, নিয়ামুল হাসান, যোবায়ের হোসেন, রাশেদুল ইসলাম ও নূর নবী হাওলাদার। এদের পাঁচজন ক্বেরাত ও তিনজন হেফজ বিভাগের।

আরও পড়ুন