সৈয়দপুরে কবর খননকারী শহির উদ্দিনের পাশে শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
শহির উদ্দিনের পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা।
বার্ধক্য ও প্যারালাইসিসে কর্মক্ষমতা হারিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের ৮০ বছর বয়সী শহির উদ্দিন। একসময় বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটির এখন সংসার চালানোর সামর্থ্যও নেই। তাঁর খাদ্যসংকটের কথা জেনে বুধবার (১১ নভেম্বর) পরিবারটির হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখা।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর গ্রামে শহির উদ্দিনের বাড়িতে গিয়ে সংগঠনের সদস্যরা এসব সামগ্রী দেন। এতে ছিল চাল, তেল, আটা, চিনি, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, লবণ, সাবান, হুইল পাউডারসহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস। এ সামগ্রীতে শহির উদ্দিন ও তাঁর স্ত্রীর এক মাসের খাবারের চাহিদা মিটবে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খাজা, সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ সোহেল রানা এবং উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।
পেশায় গাছি শহির উদ্দিন নারিকেল গাছ পরিষ্কার করতেন এবং গাছের মালিকদের কাছ থেকে ডাব সংগ্রহ করে সৈয়দপুর শহরে বিক্রি করতেন। সেই সামান্য আয়েই চলত স্ত্রী, এক ছেলে ও সাত মেয়ের সংসার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারান তিনি। এখন প্যারালাইসিসে চলাচলের ক্ষমতাও নেই। সংসারের হাল ধরার কেউ না থাকায় স্বামী-স্ত্রীকে অনেক সময় অন্যের সহায়তায় খাবার জোগাড় করতে হয়।
অসুস্থ হওয়ার আগ পর্যন্ত গ্রামে কারও মৃত্যু হলে কবর খুঁড়তে ছুটে যেতেন শহির উদ্দিন। স্থানীয় বাসিন্দা আজিজার রহমান জানান, কর্মক্ষম জীবনে তিনি তিন শতাধিক মানুষের কবর খুঁড়েছেন। মানুষের প্রয়োজনে নিঃস্বার্থভাবে পাশে থাকা সেই মানুষটিই আজ নিজের দুঃসময়ে অন্যের সহযোগিতার অপেক্ষায়।