নৈতিক শিক্ষা ও মানবিক সমাজ গঠনে শুভসংঘের আলোচনা
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চা, শিশু ও নারীর নিরাপত্তা এবং সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক গুণাবলিতে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার জোবায়দা চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় বসুন্ধরা শুভসংঘের ধর্মপাশা উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি সেলিম আহম্মেদের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মুফতি আজিজুর রহমান হাকিমির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ অধ্যাপক ডা. রফিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া, সংগঠনের উপদেষ্টা বকুল মড়ল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নলগড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুর রহমান তাবারী, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. মঈনুল ইসলাম এবং সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।
বক্তারা বলেন, প্রকৃত শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের আচরণে বিনয়, কথায় সংযম, কাজে সততা এবং অন্যের প্রতি সম্মানবোধ থাকা জরুরি। ধর্মীয় শিক্ষা মানুষকে অন্যায় থেকে দূরে রেখে সত্য ও কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করে।
সভায় ধর্ষণ, যিনা-ব্যভিচার, শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন, মাদকাসক্তি ও মিথ্যাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব। শিশুদের বয়স উপযোগী ভাষায় ব্যক্তিগত নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত স্পর্শ সম্পর্কে সচেতন করতে হবে। কোনো শিশু নির্যাতনের শিকার হলে তাকে দোষারোপ না করে আইনি ও সামাজিক সহায়তা দিতে হবে। অপরাধীর পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে বক্তারা বলেন, সততা, ক্ষমাশীলতা, বিনয়, সহনশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন তিনি। তাঁর আদর্শ অনুসরণ করে মিথ্যাচার, প্রতারণা, পরনিন্দা, হিংসা ও অন্যের অধিকার হরণ থেকে বিরত থাকতে হবে। নারী, শিশু, প্রতিবেশী ও অসহায় মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে।
তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখতে খেলাধুলা, বইপড়া, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। এ জন্য পরিবার, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।