EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আলোকিত শৈশব গড়তে চরফ্যাশনে শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সভা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

আলোকিত শৈশব গড়তে চরফ্যাশনে শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সভা
অ অ

শিশুদের নৈতিকতা, মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘আলোকিত শৈশব, সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক এ সভায় শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) চরফ্যাশনের ২ নম্বর তেলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস বলেন, শৈশবে অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও মূল্যবোধ শিশুর ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে।

বক্তারা বলেন, প্রতিটি শিশুর মধ্যেই আলাদা প্রতিভা ও সম্ভাবনা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা, চিত্রাঙ্কন ও সৃজনশীল কাজে তাদের আগ্রহকে উৎসাহিত করতে হবে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনায় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বই পড়ার অভ্যাস, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক থেকে দূরে থাকার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আয়েশা রিপা বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের স্বপ্ন দেখতে শেখানো এবং আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান, ইকরাম, তুহিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ নিহাদ, মোহাম্মদ জিহাদ, ফারহানা, আতিক ও রিয়াদসহ অন্য সদস্যরা।

আলোচনা সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। বক্তারা এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম শিশুদের মানসিক ও মানবিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন