EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

অনলাইন জুয়ার বিরুদ্ধে পীরগাছায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

অনলাইন জুয়ার বিরুদ্ধে পীরগাছায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
অ অ

অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে রংপুরের পীরগাছায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার আমতলী বাজারে সংগঠনটির পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও তরুণদের মধ্যে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অনলাইন জুয়ার বিস্তার ও এর সামাজিক প্রভাব নিয়ে কথা বলেন।

বক্তারা বলেন, অনলাইন জুয়া বর্তমানে তরুণ সমাজের জন্য উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ে বেশি টাকা আয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তরুণদের জুয়ার প্রতি আকৃষ্ট করছে। শুরুতে বিনোদন কিংবা সামান্য অর্থ দিয়ে খেলা শুরু করলেও একপর্যায়ে অনেকে এতে আসক্ত হয়ে পড়ছেন। এতে ব্যক্তিগত সঞ্চয় হারানোর পাশাপাশি পারিবারিক অশান্তি, ঋণগ্রস্ততা ও সামাজিক অপরাধের ঝুঁকি বাড়ছে।

তাঁরা আরও বলেন, অনলাইন জুয়ার আসক্তি থেকে তরুণদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তরুণদের খেলাধুলা, পড়াশোনা, সৃজনশীল কাজ ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও নানা প্রলোভন সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পীরগাছা উপজেলা শাখার সহসভাপতি মো. বাঁধন মিয়া, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক মো. আলিফ মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রী নিশিকান্ত বর্মণ, প্রচার সম্পাদক মো. লিটন মিয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মনির মিয়া এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ আলীসহ স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনের সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন