পল্লবীতে অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতায় শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
পল্লবীতে অনলাইন জুয়াবিরোধী লিফলেট বিতরণ করছেন শুভসংঘের সদস্যরা।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পল্লবীতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ থানা শাখা। তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এই আসক্তি থেকে দূরে রাখাই ছিল কর্মসূচির উদ্দেশ্য।
আলোচনা সভায় অনলাইন জুয়ার সামাজিক, পারিবারিক, মানসিক ও আর্থিক ক্ষতির দিকগুলো তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, সহজলভ্যতা এবং অল্প সময়ে বেশি অর্থ আয়ের প্রলোভন তরুণদের একটি অংশকে এই আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এতে অনেকে আর্থিক ক্ষতির পাশাপাশি ঋণগ্রস্ততা, মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার করে এখন ঘরে বসেই জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত হওয়া যায়। শুরুতে বিনোদন বা সহজ আয়ের মাধ্যম মনে হলেও পরে তা ভয়াবহ আসক্তিতে রূপ নিতে পারে। এতে তরুণের শিক্ষা, কর্মজীবন ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। জুয়ায় অর্থ হারিয়ে অনেকে স্বজনদের কাছে ঋণ করেন, মিথ্যার আশ্রয় নেন এবং অপরাধে জড়ানোর ঝুঁকিতে পড়েন।
এ পরিস্থিতি থেকে তরুণদের রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও স্বেচ্ছাসেবায় যুক্ত করার পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাসানুজ্জামান (সুবির), শাখার কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরামসহ অন্য নেতা ও সদস্যরা।
আলোচনা শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অনলাইন জুয়ার ঝুঁকি, আর্থিক ও সামাজিক ক্ষতি এবং এ থেকে দূরে থাকার বার্তা তুলে ধরা হয়।
সমাপনী বক্তব্যে সাজিদ বলেন, এই আসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষায় সচেতনতার বিকল্প নেই। ভবিষ্যতেও শাখা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে।