EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কাহারোলে কৃষকদের বিনামূল্যে সবজির বীজ দিল শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

কাহারোলে কৃষকদের বিনামূল্যে সবজির বীজ দিল শুভসংঘ

কাহারোলে কৃষাণীদের হাতে সবজির বীজ তুলে দিয়েছেন শুভসংঘের সদস্যরা।

অ অ

শনিবার (৭ নভেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরসংলগ্ন এলাকায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি চাষে উৎসাহ দেওয়া, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং খাদ্যব্যয় কমানোর লক্ষ্যে সংগঠনের কাহারোল উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীদের হাতে লালশাক, মুলা, লাউ, মিষ্টিকুমড়া, শিম ও টমেটোসহ বিভিন্ন জাতের বীজ তুলে দেওয়া হয়। শাখার সভাপতি মাহফুজ ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সংগঠনের অন্য নেতা ও সদস্যরা।

আয়োজকেরা জানান, গ্রামের অনেক পরিবারের বসতভিটার আশপাশে চাষের জায়গা থাকলেও ভালো বীজের অভাবে তাঁরা সবজি ফলাতে পারেন না। পরিকল্পিতভাবে চাষ করলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারনির্ভরতা কমবে, আর বাড়তি সবজি বিক্রি করে আয়ও বাড়ানো সম্ভব।

বীজ পেয়ে খুশি কৃষাণী ইয়াসমিনা আক্তার বলেন, অর্থের অভাবে অনেক সময় ভালো বীজ কিনে চাষ করা যায় না। বিনামূল্যে বীজ দিয়ে শুভসংঘ তাঁদের পাশে দাঁড়িয়েছে। গৃহিণী সুমি বেগম বলেন, নিজেরা সবজি ফলালে বাজারের খরচ অনেকটা কমবে। কৃষাণী মাহফুজা বেগম জানান, অব্যবহৃত জায়গায় চাষ করে চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে কিছু আয়ও করা যাবে।

শাখার সভাপতি মাহফুজ ইসলাম বলেন, মেহনতি কৃষক-কৃষাণীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ সবজি চাষে পরিবারের পুষ্টির চাহিদা মিটবে, বাড়তি আয়ের সুযোগও তৈরি হবে। বিশেষ করে নারীরা কৃষিকাজে যুক্ত হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অবদান বাড়বে।

আয়োজকেরা আশা করছেন, এই উদ্যোগে কৃষকেরা শীতকালীন সবজি চাষে আরও উৎসাহী হবেন এবং গ্রামীণ পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন