EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শুভসংঘের আলোচনা সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শুভসংঘের আলোচনা সভা
অ অ

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

শাখার উপদেষ্টা মো. মছব্বির আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই এবং কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ময়নুল হক পবন ও তাজুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, তরুণ ও যুবসমাজ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়া উচিত, যাতে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করা যায়।

সভাপতির বক্তব্যে মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা দরকার। বাল্যবিবাহের কারণে অল্প বয়সেই অনেক কিশোরী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে এবং মাতৃমৃত্যুহার বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন