গংগাচড়ায় বই পড়ার অভ্যাস গড়তে শুভসংঘের পাঠচক্র
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
গংগাচড়ায় পাঠচক্রে বই নিয়ে আলোচনা করছেন শুভসংঘের সদস্যরা।
তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে রংপুরের গংগাচড়ায় পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল বৃহস্পতিবার গংগাচড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সদস্য ও বইপ্রেমীরা অংশ নেন।
পাঠচক্রে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নূরজাহান, ডাকাতরাও মানুষ, সেই বিদেশি মেয়ে, নয় মাস ও রহস্যময় জঙ্গলবাড়িসহ বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বই থেকে গল্পের অংশ পাঠ করেন। পাশাপাশি সাহিত্যকর্মের বিষয়বস্তু, চরিত্রের মনস্তত্ত্ব, জীবনসংগ্রাম ও মানবিক মূল্যবোধ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। গল্পের চরিত্রগুলোর আনন্দ-বেদনা, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে নিজেদের জীবনের মিলও খুঁজে নেন তাঁরা। এতে সাহিত্যকে উপলব্ধি করা এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়।
আয়োজকেরা জানান, পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানার আগ্রহ তৈরি এবং তরুণদের নিজেদের চিন্তা প্রকাশের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বসুন্ধরা শুভসংঘ গংগাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘প্রযুক্তির এই সময়ে তরুণদের বড় একটি অংশ মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকে। তাদের বইমুখী করা এবং চিন্তাশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেই আমাদের এ পাঠচক্রের আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্ম বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।’
অনুষ্ঠানে শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে।