বেতাগীতে স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চালাল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
বেতাগীতে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বরগুনার বেতাগীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার সকালে উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ অভিযানে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অভিযানে শ্রেণিকক্ষ, বারান্দা, মাঠ ও আঙিনাসহ আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। কাগজ, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরানো হয়। এ ছাড়া জমে থাকা পানি অপসারণ করে মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ দূর করা হয়।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ গ্রহণের জায়গা নয়, এখান থেকেই দায়িত্বশীল নাগরিক হওয়ার শিক্ষা শুরু হয়। তাই শ্রেণিকক্ষ, মাঠ ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেক শিক্ষার্থীর। পরিচ্ছন্ন বিদ্যালয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের ভালো কাজে সম্পৃক্ত করে তাঁদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করাই এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও পরিচ্ছন্নতার কাজে উদ্বুদ্ধ করতে পারে।
বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী বলেন, পরিচ্ছন্নতা এক দিনের কর্মসূচি নয়, এটি নিয়মিত চর্চার বিষয়। ছোটবেলা থেকে শিক্ষার্থীরা এ দায়িত্বে অভ্যস্ত হলে পরিবার থেকে সমাজ পর্যন্ত এর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ও অন্যদের উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।