ইউআইটিএসে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ইউআইটিএসে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা সভা।
উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বর্তমান বাস্তবতা নিয়ে রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘উচ্চশিক্ষা ও কর্মসংস্থান: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের কর্মজীবন সম্পর্কে সচেতন করা, সময়োপযোগী দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই ছিল সভার লক্ষ্য।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ ই এম ফাহিম হাসান। উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি অন্তিকা বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক নীলা আক্তারসহ কমিটির অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। তাই শুধু প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফল যথেষ্ট নয়, নিজেকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা জরুরি।
ফাহিম হাসান বলেন, উচ্চশিক্ষা জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায়, তবে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই শিক্ষার সার্থকতা। এ জন্য তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনে গুরুত্ব দিতে হবে।
আলোচনায় শিক্ষিত বেকারত্ব, চাকরির বাজারে প্রতিযোগিতা, দক্ষতা ও যোগ্যতার মধ্যে সমন্বয়ের অভাব এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির বিষয়গুলো উঠে আসে। পরে মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও উদ্যোক্তা হওয়া নিয়ে প্রশ্ন ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচকরা বাস্তব অভিজ্ঞতার আলোকে তাঁদের দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, বসুন্ধরা শুভসংঘ সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও মননশীলতা বিকাশেও কাজ করছে। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।