সেলাই মেশিনে ঘুরবে জীবনের চাকা, স্বপ্ন দেখছেন তেঁতুলিয়ার ১৫ নারী
ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
অভাবের সংসারে সচ্ছলতার স্বপ্ন। কারও জীবনে বিধবা হওয়ার পর একাকী সংগ্রাম, কারও আবার পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয়। জীবনের নানা বাস্তবতা পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১৫ নারী। সেলাইয়ের কাজ শিখে নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করে সংসারের হাল ধরতে চান তারা।
এই নারীদের স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে তেঁতুলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে চলছে সেলাই প্রশিক্ষণ কর্মশালা। এতে উপজেলার ১৫ জন অসহায় ও দরিদ্র নারী, বিধবা এবং দরিদ্র স্কুলছাত্রীসহ পিছিয়ে পড়া নারীরা অংশ নিয়েছেন।
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাদের। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। এতে প্রশিক্ষণ শেষে ঘরে বসেই কাজ শুরু করে আয়ের সুযোগ পাবেন তারা।
প্রশিক্ষণার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ‘সংসারের অভাবের মধ্যে নিজের জন্য কিছু করার সুযোগ খুঁজছিলাম। সেলাইয়ের কাজ শিখে দক্ষ হয়ে উঠতে পারলে ভবিষ্যতে নিজের আয় দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারব। বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ।’
আরেক প্রশিক্ষণার্থী শিরিনা আক্তার বলেন, ‘অভাবের সংসারে চাইলেও পাশে দাঁড়াতে পারি না। কিন্তু সেলাই মেশিন পেলে সংসারের আয়ে অবদান রাখতে পারব। এটা আমার জন্য দারুণ সুযোগ।’
তেঁতুলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলছে। প্রতিটি সেলাই মেশিন একটি করে সংসারের সাফল্যের গল্প তৈরি করবে।