EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ইমদাদুল হক মিলনের বই নিয়ে গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

ইমদাদুল হক মিলনের বই নিয়ে গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র
অ অ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চায় আগ্রহ সৃষ্টি ও মননশীলতার বিকাশে পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।

রবিবার (১ নভেম্বর) পাবলিক লাইব্রেরি গোবিন্দগঞ্জের কক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলনের বিভিন্ন বই নিয়ে আলোচনা, পাঠ-পর্যালোচনা ও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আতিক হাসান জীবনের সভাপতিত্বে পাঠচক্রে অংশ নেন সংগঠনের উপদেষ্টা তানভীর কৌশিক, শুভসংঘের বন্ধু আজমাইন মাহতাব মিলন, রিমি আক্তার, হুসাইন আহম্মেদ বিলাশ, তীর্থ তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনায় ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্মের বিষয়বস্তু, লেখনীর বৈশিষ্ট্য, গল্প-উপন্যাসে সমাজ ও মানুষের জীবনচিত্র এবং তাঁর রচনায় উঠে আসা মানবিক মূল্যবোধ নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। তারা বইয়ের বিভিন্ন অংশ পাঠ করেন এবং নিজেদের উপলব্ধি ও মতামত তুলে ধরেন। পাঠ্যবইয়ের বাইরের সাহিত্যজগৎ সম্পর্কে জানার পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

সভাপতি আতিক হাসান জীবন বলেন, ‘বই মানুষের চিন্তাজগৎকে সমৃদ্ধ করে এবং মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। নিয়মিত পাঠচক্র আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাহিত্যপ্রীতি, সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার পরিধি বাড়বে বলে আমরা বিশ্বাস করি।’

উপদেষ্টা তানভীর কৌশিক বলেন, ‘ইমদাদুল হক মিলনের সাহিত্যকর্মে আমাদের সমাজ, মানুষ, জীবন ও বাস্তবতার নানা দিক উঠে এসেছে। তার বই পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেমন সাহিত্য সম্পর্কে জানতে পারবে, তেমনি মানুষের জীবন ও সমাজকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পাবে। বই পড়াকে আনন্দময় অভ্যাসে পরিণত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

পাঠচক্রে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘পাঠ্যবইয়ের বাইরেও সাহিত্যের বিশাল একটি জগৎ রয়েছে, এ আয়োজনের মাধ্যমে তা জানার সুযোগ হয়েছে। বই পড়ে নিজেদের ভাবনা প্রকাশ এবং অন্যের মতামত শোনার অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে। নিয়মিত এমন পাঠচক্র আয়োজন করা হলে আমাদের বই পড়ার আগ্রহ আরও বাড়বে।’

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার এবং সৃজনশীল ও মননশীল প্রজন্ম তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ নিয়মিত পাঠচক্রসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন