নড়াইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, নড়াইল
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা শাখার উদ্যোগে বালিয়াডাঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ নড়াইল জেলা শাখার সভাপতি ফয়সাল সিকদার সেতু। জেলা শাখার বন্ধু তুষার সরকার, নয়ন বিশ্বাস ও মো. সাহেদুর রহমান এজাজের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি সম্পন্ন হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিবুল ইসলাম শুভ ও সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, মানুষের সুস্থভাবে বেঁচে থাকা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। অথচ নির্বিচারে বৃক্ষনিধন, বনভূমি ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপণের মতো কর্মসূচি আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই গাছের প্রয়োজনীয়তা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব সম্পর্কে জানতে পারে। বিদ্যালয়ের আঙিনায় রোপণ করা প্রতিটি চারা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বসুন্ধরা শুভসংঘের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।’
সহকারী শিক্ষক মো. রেজাউল হক বলেন, ‘বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন কর্মসূচি গ্রহণ করায় শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত হবে।’
সহকারী শিক্ষক বিধান কুমার বিশ্বাস ও শিলারানী বিশ্বাস বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। আজ যে চারাগুলো রোপণ করা হলো, সেগুলো একদিন বড় হয়ে ছায়া, ফল ও বিশুদ্ধ বাতাস দেবে। আমরা আশা করি, বসুন্ধরা শুভসংঘ বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।’
বসুন্ধরা শুভসংঘ নড়াইল জেলা শাখার সভাপতি ফয়সাল সিকদার সেতু বলেন, ‘পরিবেশের সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ, মানবিকতা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করবে।’
বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বসুন্ধরা শুভসংঘ নড়াইল জেলা শাখার সদস্যরা।