চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের প্রস্তাব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, নদী ভাঙন ও যোগাযোগ বিচ্ছিন্নতাসহ নানা সংকটে পড়েন চরাঞ্চলের মানুষ। এসব দুর্যোগে নারীদের ভোগান্তি আরও বেড়ে যায়। ব্যাহত হয় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবিকা। এ পরিস্থিতি মোকাবিলা এবং চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নারীশিক্ষার পরিবেশ তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন কুড়িগ্রামের বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বসুন্ধরা শুভসংঘের কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক কর্মশালায় এসব প্রস্তাব তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বন্যার সময় চরাঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে নারীদের চিকিৎসাসেবা গ্রহণসহ জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা মোকাবিলায় চরাঞ্চলে ছোট ছোট ডিঙি নৌকার ব্যবস্থা করা প্রয়োজন।
তারা আরও বলেন, চরাঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই ও হাতের কাজের প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ এবং উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি কৃষিকাজ, ফসলের পরিচর্যা ও খামার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নারীশিক্ষার উপযোগী পরিবেশ তৈরি এবং কৃষি ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে উঠান বৈঠকের আয়োজনের ওপরও গুরুত্ব দেন তারা।
শুভসংঘের জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ বলেন, শীত মৌসুমে চরাঞ্চলের অসহায় মানুষের দুর্ভোগ কমাতে আগাম শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ জন্য সোয়েটার, টুপি ও চাদর বিতরণের প্রস্তাব দেন তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হেমলতা রায়, সহসাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন রাসেল, নারী ও শিশুবিষয়ক সম্পাদক বৃষ্টি রাণী সরকার এবং প্রচার সম্পাদক রুবাইয়া ইসলাম।