EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ১৫ যুব সংগঠক

জাতীয় যুব দিবসে বসুন্ধরা শুভসংঘের বিশেষ আয়োজন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ১৫ যুব সংগঠক

যুব সংগঠক সম্মাননা ২০২৬ পাচ্ছেন ১৫ তরুণ।

অ অ

জাতীয় যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন তরুণ সংগঠককে ‘বসুন্ধরা শুভসংঘ যুব সংগঠক সম্মাননা ২০২৬’ দেবে বসুন্ধরা শুভসংঘ। আগামী ১ নভেম্বর শুভসংঘ কার্যালয়ে সমাজসেবা, স্বেচ্ছাসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

মনোনীত তরুণ-তরুণীদের প্রত্যেকের কাজেই রয়েছে মানবিকতার অনন্য গল্প। কেউ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করছেন, কেউ কাজ করছেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়। কেউ রক্তদান, নারী নেতৃত্বের বিকাশ, প্রাণিকল্যাণ কিংবা সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে মানবিক সমাজ গড়ছেন, আবার কেউ তরুণদের সংগঠিত করে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

সম্মাননা পাচ্ছেন শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব (বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু), মো. ইমরান হোসেন (পথশিশুদের জন্য ‘মুসাফির ইশকুল’), মো. কাজী ইয়াকুব আলী (১৩ হাজার শিশুর হাতে গল্পের বই পৌঁছে দেওয়া ও ‘বিদ্যাবিকাশ পাঠাগার’ প্রতিষ্ঠা), সৈয়দা অনন্যা ফারিয়া (প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ), সানজিদা হোসেন তানিশা (প্রাণিকল্যাণ), তানজিনা আক্তার জেরিন (নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন) এবং মো. শাফায়াত হোসেন (তরুণ নেতৃত্ব তৈরি ও স্বেচ্ছাসেবা)।

এছাড়া সম্মাননা পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা সৃষ্টির জন্য শাকিল ইসলাম; সমাজকল্যাণে অবদানের জন্য আবদুল হান্নান মিলটন, হাবিবুর রহমান ও আব্দুল মমিন; অসহায় মানুষের কল্যাণে কাজের জন্য সামিয়া আক্তার; সাংগঠনিক দক্ষতার জন্য মেহরাব বিন আলী নিসান; আবৃত্তি, সাহিত্য-সংস্কৃতি ও বিতর্কচর্চার জন্য লাবণ্য মল্লিক এবং সাংবাদিকতার মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকার জন্য মুনজুরুল ইসলাম নাহিদ।

বসুন্ধরা শুভসংঘের এ আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের জন্য নিবেদিতপ্রাণ তরুণদের কাজের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করার অনুপ্রেরণা জোগানো। শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবার মাধ্যমে নীরবে কাজ করা তরুণদের সামনে আনাই এর লক্ষ্য। এই সম্মাননা কেবল ১৫ সংগঠকের অবদানের স্বীকৃতিই নয়, বরং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ।

আরও পড়ুন