EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পাবনায় অসহায় মান্নান শেখের পাশে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

পাবনায় অসহায় মান্নান শেখের পাশে বসুন্ধরা শুভসংঘ

মান্নান শেখের হাতে মুদি দোকানের মালামাল তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা।

অ অ

জীবনের দীর্ঘ সময় গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে জীবিকা নির্বাহ করেছেন আব্দুল মান্নান শেখ। একসময় ছিলেন ট্যাংক লরি গাড়ির দক্ষ চালক। কিন্তু একটি দুর্ঘটনার পর বদলে যায় তাঁর জীবনের চিত্র। অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় গাড়ি চালানো। জীবিকার তাগিদে বাড়ির সামনে ছোট্ট একটি মুদি দোকান গড়ে তুললেও পর্যাপ্ত পুঁজি ও দোকানের মালামালের অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখা।

আব্দুল মান্নান শেখের বয়স ৬৩ বছর। তিনি পাবনা সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা। একসময় পাবনা এডওয়ার্ড কলেজের পাশে কোবাদ তেল পাম্পে কাজ করতেন। পেশায় ছিলেন ট্যাংক লরি গাড়ির একজন দক্ষ চালক। গাড়ি চালিয়েই চলত তাঁর সংসার।

কিন্তু ২০২৪ সালে পাবনা এডওয়ার্ড কলেজের পাশে ফরিদ ফিলিং স্টেশনে তেল আনলোড করার সময় ঘটে এক দুর্ঘটনা। এ সময় তেল পাম্পে আগুন ধরে যায়। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন তিনি। এরপর থেকে শারীরিক অসুস্থতার কারণে আর গাড়ি চালাতে পারেননি। বন্ধ হয়ে যায় তাঁর দীর্ঘদিনের উপার্জনের পথ।

পরিবারের জীবিকা নির্বাহের তাগিদে অসুস্থ শরীর নিয়েই বাড়ির সামনে ছোট একটি মুদি দোকান চালু করেন মান্নান শেখ। সেই দোকানের সামান্য আয় দিয়েই কোনোমতে চলে তাঁর সংসার। কিন্তু দোকানে পর্যাপ্ত পণ্য না থাকায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারতেন না। ফলে আয়ও ছিল সীমিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন তিনি।

তাঁর এই অসহায়ত্ব ও জীবনসংগ্রামের বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার সদস্যদের। বিষয়টি জানার পর সংগঠনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। শুধু সাময়িক খাদ্যসহায়তা নয়, বরং তাঁর ছোট্ট দোকানটিকে আরও সচল করে জীবিকা নির্বাহের সুযোগ তৈরির লক্ষ্যেই মুদি দোকানের প্রয়োজনীয় মালামাল দিয়ে সহযোগিতা করা হয়।

শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার দোহারপাড়া এলাকায় অসুস্থ আব্দুল মান্নান শেখের হাতে চাল, ডাল, তেল, সাবান, গুঁড়া মসলাসহ মুদি দোকানের বিভিন্ন প্রয়োজনীয় মালামাল তুলে দেন বসুন্ধরা শুভসংঘের নেতাকর্মীরা।

এ সময় সহযোগিতা পেয়ে আব্দুল মান্নান শেখের মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। তাঁর ছোট্ট দোকানে নতুন করে মালামাল যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনায় কিছুটা গতি আসবে এবং পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকে তাঁরা সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। বিশেষ করে যাঁরা শারীরিক অসুস্থতা কিংবা আর্থিক সংকটের কারণে জীবিকা নির্বাহে সমস্যায় পড়েছেন, তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে।

আরও পড়ুন